জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ২৬ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।
সফরসঙ্গী দলে সরকারের কয়েকজন মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা রয়েছেন।
জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, দেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার কথা রয়েছে। নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও জানা গেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউইয়র্কে জাতিসংঘের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
জ/উ