হরমুজ প্রণালিকে উন্মুক্ত ও নিরাপদ রাখতে মার্কিন সামরিক বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তাঁর দাবি, গত কয়েক মাসে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে এক বিলিয়নের বেশি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে মার্কিন বাহিনী সহায়তা করেছে।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় কুপার বলেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার আওতায় এরই মধ্যে দুই হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
তিনি বলেন, “হাজার হাজার জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। উপসাগরীয় অংশীদারদের কাছ থেকে এক বিলিয়নের বেশি ব্যারেল তেল এই পথ দিয়ে গেছে। তবে আমাদের কঠোর অবস্থানের কারণে ইরান কোনো তেল রপ্তানি করতে পারেনি।”
কুপারের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে এর গতি আরও বেড়েছে। গত দুই সপ্তাহে তেল ও অন্যান্য পণ্য পরিবহনের পরিমাণ গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও জানান তিনি।
সেন্টকম কমান্ডার আরও বলেন, আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে। পাশাপাশি ড্রোন হামলার বিরুদ্ধে পাল্টা আক্রমণ পরিচালনার জন্য একটি নতুন যৌথ ইউনিট গঠনের প্রক্রিয়াও চলছে।
জ/উ