কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত করা সম্ভব হবে। বিচার করবে আদালত, আর সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অপ্রতিমের যে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে, সেটি সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর সে বাড়িতে ফেরেনি। নিখোঁজ হওয়ার এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীরে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামের তিন তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ রোববার সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শোকাহত শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জানাজায় উপস্থিত সবাই অপ্রতিমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। পরে সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়।
জ/উ