ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের আচরণে কোনো ত্রুটি পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার এবং তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। অপ্রতিম যেন বেহেশতবাসী হয়, সেই দোয়াও চেয়েছেন তিনি।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে অপ্রতিমের দ্বিতীয় জানাজা শেষে এসব কথা বলেন তার বাবা।
জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার ছেলে আপনাদের কুমিল্লার আবহাওয়ায় ও আকাশের নিচে সবার ভালোবাসায় ও স্নেহে বড় হয়েছিল। ওর বয়স মাত্র ১৩ বছর। ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।’
বুকফাটা আর্তনাদে একমাত্র সন্তান অপ্রতিমকে শেষ বিদায় জানিয়েছেন তার মা-বাবা। স্বজন ও প্রতিবেশীদের পাশাপাশি সারাদেশের মানুষের চোখের পানিতে শেষ বিদায় জানিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছে নির্মমতার শিকার ১৩ বছরের এই কিশোর।
অপ্রতিম নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জীবিত ফিরে পাওয়ার আকুতি জানানো হয়েছিল। পরিবারের পাশাপাশি অনেকেই তার ফিরে আসার আশায় ছিলেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জ/উ