কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের জন্য ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর নেতৃত্বে থাকবে একজন ‘এআই জার’-এমন পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, লিবারেলদের কারণে তৈরি বিতর্কের মধ্যে তিনি এআই শিল্পকে কোনোভাবেই ধসে পড়তে দেবেন না। তার দাবি, এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান ডেমোক্র্যাটদের ছড়ানো একটি ভুয়া প্রচারণা।
ট্রাম্প আরও বলেন, প্রযুক্তি খাতের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। বরং সরকার এ শিল্পের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেবে। মহাকাশ গবেষণা ও নিরাপত্তার জন্য ২০১৯ সালে ‘স্পেস ফোর্স’ গঠনের পর প্রযুক্তি খাতে এটিকে তার বড় ধরনের কাঠামোগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
তবে এআই খাতের ঝুঁকি নিয়ে প্রযুক্তি অঙ্গনেই ভিন্নমত রয়েছে। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই সম্প্রতি প্রযুক্তিটির সম্ভাব্য বিপর্যয়কর ঝুঁকি নিয়ে সতর্ক করে উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান। ধনকুবের ইলন মাস্কও তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন।
অন্যদিকে ট্রাম্প প্রশাসন এ ধরনের সতর্কতার বদলে এআই খাতের দ্রুত ও উন্মুক্ত বিকাশকে মার্কিন অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে এগিয়ে নেওয়ার অবস্থান নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: এনডিটিভি
জ/উ