নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে উৎসবমুখর পরিবেশে আলহাজ্ব সরদার দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুবজীপুর নজরুল প্রগতি সংঘের আয়োজনে খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. মো. সিরাজুল ইসলাম শিশির। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান।
খুবজীপুর নজরুল প্রগতি সংঘের সভাপতি সরদার আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. ওমর আলী শেখ, বিএডিসির প্রকৌশলী সাইদুর ইসলাম, উপজেলা পরিষদের প্রকৌশলী মো. মিলন মিয়া, নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রাকিবুল রহমান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আমিনুর রশীদ, খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. দোরাপ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সময় হাসানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে নেত্রকোনা ফুটবল একাদশের মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে চাঁপাইনবাবগঞ্জকে ২-০ গোলে হারিয়ে জয় পায় নেত্রকোনা ফুটবল একাদশ।
খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। ম্যাচ ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস-উদ্দীপনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো, খেলাধুলার পরিবেশ তৈরি এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
জ/উ