মাতৃত্বের পর শরীরে এসেছে পরিবর্তন। আর সেই পরিবর্তন নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর তার শারীরিক গড়ন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এমনকি কেউ কেউ তার ওজন নিয়েও কটাক্ষ করেছেন।
এমন পরিস্থিতিতে একাংশের দাবি, মাতৃত্বের পর নাকি ক্যাটরিনার ক্যারিয়ারও শেষের পথে। এসব আলোচনা ও মন্তব্যের মধ্যেই এবার নিজের শরীর, সৌন্দর্য ও আত্মযত্ন নিয়ে নিজের বদলে যাওয়া ভাবনার কথা জানিয়েছেন অভিনেত্রী।
মাসখানেক আগে কুক্কু কোহলির শেষকৃত্যে ক্যাটরিনার উপস্থিতির পর থেকেই তার শারীরিক গড়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এরপর গত সোমবার আম্বানিদের গণপতি উৎসবে অংশ নেওয়ার পর সেই চর্চা আরও বাড়ে। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তার শারীরিক পরিবর্তন নিয়ে নানা মন্তব্য করতে দেখা যায় নেটিজেনদের একাংশকে।
তবে সরাসরি এসব কটাক্ষের জবাব না দিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সৌন্দর্য নিয়ে বদলে যাওয়া দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন ক্যাটরিনা। অভিনেত্রীর ভাষ্য, মাতৃত্বের পর শুধু শরীরেই নয়, ত্বকেও আমূল পরিবর্তন এসেছে। একই সঙ্গে সময়ের সঙ্গে সৌন্দর্যকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলেছে তার।
ক্যাটরিনা বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্য নিয়ে সমাজে নানা ধরনের গতানুগতিক ধারণা ছিল। এখন নিজের কাছে সুন্দর থাকার অর্থ বদলে গেছে। নিজেকে সেরা দেখানোর চেয়ে ভেতর থেকে ভালো অনুভব করাকেই বেশি গুরুত্ব দেন তিনি।
অভিনেত্রীর কথায়, ‘আমি যখন মডেলিং এবং অভিনয় ক্যারিয়ার শুরু করি, তখন সৌন্দর্য নিয়ে নানা ধরনের গতানুগতিক ধারণা ছিল। তবে এখন আমার কাছে নিজেকে সেরা ভাবে তুলে ধরার অর্থ হলো অন্তর থেকে ভালো অনুভব করা। আর সামগ্রিকভাবে নিজের যত্ন নেওয়ার মাধ্যমেই সেই অনুভূতি আসে।’
বর্তমানে ক্যাটরিনার রূপচর্চার লক্ষ্য শুধু বাহ্যিক সৌন্দর্য ধরে রাখা নয়; বরং ভেতর থেকে সুস্থ থাকাকেও তিনি গুরুত্ব দিচ্ছেন। শরীরের প্রদাহ নিয়ন্ত্রণে রাখা, সুষম খাদ্যাভ্যাস, বিভিন্ন কাজে সক্রিয় থাকা এবং নিয়মিত ধ্যান বা মেডিটেশনের ওপর জোর দেন তিনি। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস তার ত্বক ও সামগ্রিক শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে বলেও জানান ক্যাটরিনা।
তার ভাষায়, ‘সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ রোদে থাকি এবং দিনের প্রথম এক ঘণ্টা মোবাইল, কম্পিউটার ও ট্যাবের স্ক্রিন থেকে দূরে থাকি। আমার মনে হয়, আপনি যখন ভেতর থেকে সুস্থ বোধ করেন, সেই আত্মবিশ্বাসই আপনার বাহ্যিক চেহারায় ফুটে ওঠে। আর এটাই আমার কাছে সৌন্দর্যের আসল সংজ্ঞা।’
এদিকে বিয়ের পর থেকেই অভিনয়ে তুলনামূলক কম দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। ২০২১ সালে ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছিল তার সর্বশেষ সিনেমা। এরপর আর কোনো সিনেমা বা সিরিজে দেখা যায়নি তাকে।
একসময় শাহরুখ খান ও সালমান খানের মতো সুপারস্টারদের সঙ্গে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা। বলিউডের বিভিন্ন আয়োজনেও নিয়মিত উপস্থিত থাকতেন তিনি। তবে বর্তমানে সিনেমার পাশাপাশি বলিউডের পার্টি, প্রিমিয়ার কিংবা বিভিন্ন অনুষ্ঠানেও তার উপস্থিতি আগের তুলনায় অনেক কম।
মাতৃত্বের পর পরিবার ও সন্তানকে সময় দিচ্ছেন ক্যাটরিনা। দীর্ঘদিন পর্দায় না ফেরায় তার অভিনয় ক্যারিয়ার নিয়েও নানা প্রশ্ন উঠছে। এর সঙ্গে প্রসব-পরবর্তী ওজন বৃদ্ধি ও শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা কটাক্ষও যুক্ত হয়েছে।
তবে ক্যাটরিনার সাম্প্রতিক বক্তব্যে তার সৌন্দর্য ভাবনার পরিবর্তনের বিষয়টি স্পষ্ট। তার কাছে সৌন্দর্য এখন শুধু বাহ্যিক চেহারার মাপকাঠি নয়; বরং ভেতর থেকে সুস্থ থাকা, নিজের যত্ন নেওয়া এবং আত্মবিশ্বাসী থাকাই এর মূল বিষয়।
জ/উ