সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক বাবা। এতে তিন শিশুরই মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাদের বাবাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় ওই বাবা তার তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, খুব ভোরে খবর পেয়ে পুলিশ বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর মরদেহ দেখতে পায়। গুরুতর আহত বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য তিন শিশুর মরদেহ উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।