ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরে করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করে রাখা ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে খবর দেওয়া হলে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই জানান, আগুনের ঘটনায় বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মহাসড়কের পাশে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পরিত্যক্ত থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাটি নাশকতা কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
জ/উ