ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ রক্ষায় দেশটির সঙ্গে সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে চীন। গতকাল বুধবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন।
বৈঠকে ওয়াং ই বলেন, ‘চীন ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সহযোগিতা করতে প্রস্তুত।’
একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রকে ‘যৌক্তিক ও সংযত’ থাকার আহ্বান জানান তিনি। দ্রুত হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিও আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।
ওয়াং ই বলেন, আঞ্চলিক উত্তেজনা যাতে ইয়েমেন ও লোহিত সাগর পর্যন্ত আরও বিস্তৃত না হয়, সেটি চায় না চীন। তাঁর মতে, এরই মধ্যে যে ঐকমত্য তৈরি হয়েছে, তার ভিত্তিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু করা উচিত।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট নয়। এই ব্যবস্থার সংস্কার ও আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি, ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রস্তুত চীন। ইরান ইস্যুতে বেইজিংয়ের নীতিও ধারাবাহিক ও স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, মধ্যপ্রাচ্যে ‘মৌলিক পরিবর্তন’ এসেছে। যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী’ যুদ্ধের অবসান ঘটাতে তেহরান আঞ্চলিক পর্যায়ে আলোচনা শুরু করেছে বলেও জানান তিনি।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি বলেন, ‘আমরা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে চাই এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ সম্পর্ক চাই। এ লক্ষ্যে আমরা অঞ্চলের দেশগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছি।’
এর আগে চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করে বেইজিং। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চীনা প্রতিষ্ঠানগুলো ইরানের কাছে জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের একটি সামরিক ঘাঁটির স্যাটেলাইট ছবি সরবরাহ করেছে।
এ ছাড়া গত এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার অনুরোধ করেছিলেন।
ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার চীন। একই সঙ্গে ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতাও চীন।
জ/উ