কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের দ্রুত অগ্রগতি নিয়ে প্রযুক্তি বিশ্বের উদ্বেগকে উপেক্ষা করা উচিত নয় বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিতে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী দেশ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস বলেন, এআই প্রযুক্তির বিকাশ এমন গতিতে এগোচ্ছে যে এর ঝুঁকিগুলো পুরোপুরি বোঝার আগেই প্রযুক্তিটি আরও এগিয়ে যাচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে বিশ্ব কোনো ‘অধঃপতনের প্রতিযোগিতা’র ঝুঁকি নিতে পারে না বলেও সতর্ক করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, এআইয়ের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার প্রাথমিক দায়িত্ব সরকারের। এ জন্য জাতীয় পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সমন্বয়ও জরুরি। এআই নিয়ে আস্থা তৈরিতে নির্দিষ্ট নীতিমালা ও নিরাপত্তা কাঠামোর প্রয়োজন রয়েছে।
তার মতে, এমন একটি ব্যবস্থা থাকা দরকার, যেখানে এআইয়ের উন্নয়ন হবে নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং একই সঙ্গে মানুষের মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তবে এআইয়ের সম্ভাবনাকেও ইতিবাচকভাবে তুলে ধরেছেন গুতেরেস। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষার গতি বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এআই মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।
গুতেরেস জানান, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তাঁর আলোচনায় এআই গুরুত্বপূর্ণ স্থান পাবে।
তিনি বলেন, আগামী দিনগুলোতে এআই নিয়ে ব্যবহারিক ধারণা ও পদ্ধতি খুঁজে বের করার কাজ চালিয়ে যাবে জাতিসংঘ। এআইয়ের নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল উন্নয়ন কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে অভিন্ন বোঝাপড়া প্রয়োজন। পাশাপাশি শক্তিশালী এআই সিস্টেমের ক্ষেত্রে কখন কঠোর নিরাপত্তাব্যবস্থা বা অতিরিক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটিও নির্ধারণ করতে হবে।
অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদের দেওয়া একটি প্রস্তাবের প্রসঙ্গে গুতেরেস এসব কথা বলেন। দারিও আমোদের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারগুলোকে সমন্বিতভাবে এআইয়ের উন্নয়নের গতি কমানোর পরামর্শ দিয়েছিলেন। সম্প্রতি ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও স্পেসএক্সএআই-এর ইলন মাস্কসহ আরও অনেকে একই ধরনের আহ্বান জানিয়েছেন।
তবে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের অবস্থান ভিন্ন। তাঁর মতে, প্রতিটি প্রতিষ্ঠানকেই নিজেদের প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে।
এআই নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার বিষয়টি এবং বিভিন্ন দেশের প্রযুক্তিগত প্রতিযোগিতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ ধরনের নিয়ন্ত্রণের বিষয়ে তীব্র সমালোচনা করেছেন। সূত্র: এপি
জ/উ