ভারতে অবস্থানরত পলাতক ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নেওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
এ ছাড়া বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উভয়পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মত দেয়।
জ/উ