প্রিয় তারকার সান্নিধ্য পেতে ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। তবে সেই উচ্ছ্বাস অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি করে। সম্প্রতি এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
মুম্বাইয়ে নিজের প্রযোজনা সংস্থার ছবি ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠান শেষে ভেন্যু থেকে বের হওয়ার সময় এক ভক্ত আলিয়ার সঙ্গে সেলফি তুলতে এগিয়ে যান। এ সময় অভিনেত্রীর দেহরক্ষী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারকাদের নিরাপত্তাব্যবস্থা ও ভক্তদের সঙ্গে তাদের দূরত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত অন্য অনুরাগীদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ছবি তুলছিলেন আলিয়া। এর মধ্যেই ভিড় ঠেলে এক যুবক সেলফি তোলার জন্য দেহরক্ষীর বাধা উপেক্ষা করে অভিনেত্রীর একেবারে কাছে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেহরক্ষী তাকে দুবার কঠোরভাবে দূরে সরিয়ে দেন।
তবে পুরো ঘটনাটি আলিয়ার নজরে পড়েনি। তিনি তখন অন্যদিকে ব্যস্ত থাকায় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও জানাননি।
এ ঘটনার আলোচনা চলার মধ্যেই পেশাগত কাজ নিয়েও শিরোনামে রয়েছেন আলিয়া। বোনকে সঙ্গে নিয়ে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন তিনি। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম সিনেমা ‘ডোন্ট বি শাই’ আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত বিগ বাজেটের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করবেন আলিয়া। সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জ/উ