ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময় আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ১৭ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি সফলভাবে চালু করা হয়। একই দিন বেলা সাড়ে ১১টার মধ্যে ইউনিটটির জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় (সিংক্রোনাইজেশন) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর পর দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে।
এক বার্তায় আদানি পাওয়ার জানিয়েছে, এপিএল গোড্ডার দ্বিতীয় ইউনিট ভোর ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি চালুর জন্য প্রস্তুত করা সম্ভব হয়েছে। বেলা সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে এর সমন্বয় সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফলে দুপুরের আগেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই ইউনিটের বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়েছিল।
জ/উ