বাংলাদেশের সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক স্বীকৃতি এসেছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা অফিসিয়াল বিভাগে অংশ নেওয়ার পর এবার পুরস্কারও জিতেছে। জানা গেছে, রুবাইয়াত হোসনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পেয়েছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস প্রেমিও বিসাতো দ’ওরো।
শুক্রবার রাতে বাংলাদেশ সময় প্রায় ১১টার দিকে উৎসবের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান পরিচালক রুবাইয়াত হোসনের হাতে পুরস্কারটি তুলে দেন। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রুবাইয়াত বলেন, ভেনিসের মতো একটি গুরুত্বপূর্ণ উৎসবে তার সিনেমা স্বীকৃতি পাওয়াটা অত্যন্ত সম্মানের। জুরিরা সিনেমাটি পছন্দ করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তার মতে, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও তাৎপর্যপূর্ণ।
এবারের ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখা অরিজন্তি বিভাগে জায়গা করে নেয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর মধ্য দিয়ে ভেনিসের অফিসিয়াল বিভাগে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হলো। এর আগে ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রদর্শনের পর আন্তর্জাতিক গণমাধ্যমেও সিনেমাটি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
রুবাইয়াত জানিয়েছেন, নারীর শরীর, আত্মপরিচয় এবং নিজের শরীরকে ঘিরে তৈরি হওয়া ভয় ও নিয়ন্ত্রণের অভিজ্ঞতা থেকেই সিনেমাটির ভাবনা এসেছে। দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ এই চলচ্চিত্র নির্মাণে প্রভাব ফেলেছে।
তার ভাষায়, সিনেমাটির মাধ্যমে তিনি চান আন্তর্জাতিক দর্শক বাংলাদেশকে শুধু সামাজিক বাস্তবতার দৃষ্টিতে না দেখুক। দেশের কল্পনা, লোককথা, অন্ধকার এবং সৌন্দর্যের অন্য রূপও যেন এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দর্শকের সামনে উঠে আসে।
ভেনিসের মতো উৎসবে জায়গা পাওয়া যে সহজ নয়, সেটিও উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিবছর বিপুলসংখ্যক সিনেমার মধ্য থেকে বিভিন্ন ধাপে বাছাই করে চূড়ান্ত চলচ্চিত্র নির্বাচন করা হয়। সেই কঠিন প্রক্রিয়া পেরিয়েই রুবাইয়াতের চতুর্থ চলচ্চিত্রটি জায়গা করে নিয়েছে অরিজন্তি বিভাগে।
২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হওয়া এবারের উৎসব শেষ হচ্ছে আজ ১২ সেপ্টেম্বর। আজই অফিসিয়াল বিভাগগুলোর পুরস্কার ঘোষণা করা হবে। ফলে ইনডিপেনডেন্ট ক্রিটিকস অ্যাওয়ার্ডসের স্বীকৃতির পর এখন মূল প্রতিযোগিতার পুরস্কার নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে আছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এ ছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।
ভেনিসের পাশাপাশি সিনেমাটি জায়গা করে নিয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। গত বৃহস্পতিবার শুরু হওয়া উৎসবে অংশ নিতে ভেনিস থেকে টরন্টো যাবেন রুবাইয়াত হোসন। ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টরন্টো উৎসব।