ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী দুই বাংলার দর্শকের কাছেও পরিচিত মুখ। শাকিব খানের ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর বাংলাদেশেও তার পরিচিতি আরও বিস্তৃত হয়েছে। এবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরুর গুঞ্জনে আলোচনায় এসেছেন মিমি।
ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। টলিপাড়ার একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, আগামী ডিসেম্বরেই মিমির বিয়ের আয়োজন হতে পারে। চোখজুড়ানো পাহাড়ঘেরা কালিম্পংয়ে বসতে পারে সেই বিয়ের জমকালো আসর।
তবে মিমি কাকে বিয়ে করছেন, তা নিয়েই চলছে বেশি আলোচনা। গুঞ্জন অনুযায়ী, পাত্র বিনোদন অঙ্গনের কেউ নন। ভারতের নৌবাহিনীতে কর্মরত সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে মিমির বিয়ের কথা শোনা যাচ্ছে। যদিও বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে এবং এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমি চক্রবর্তীর। প্রচলিত ধারার বাইরে নিজের অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।
অভিনয়জীবনে সাফল্যের পর ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন মিমি। ওই বছর যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন তিনি।
বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাসহ একাধিক কাজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার নতুন এই সিনেমার।
পেশাগত ব্যস্ততার আড়ালেই নাকি নিঃশব্দে বিয়ের প্রস্তুতি চলছে-বিনোদন জগতের একটি বড় অংশের এমনই দাবি। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ভক্তদের অনেকেই মনে করছেন, খুব শিগগিরই মিমি চক্রবর্তী নিজেই তার জীবনের এই সুখবর আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন।
জ/উ