মালয়েশিয়ার কেদাহ রাজ্যে আটক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৪০ অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। গত বুধবার (৯ সেপ্টেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ)-এর টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।
ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে ১১৭ জন পুরুষ, ২১ জন নারী ও দুই শিশু রয়েছে। তারা মিয়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও কেনিয়ার নাগরিক।
কেদাহ রাজ্যের সিক এলাকার বেলান্তিক ডিটেনশন ডিপোতে আটক ছিলেন এসব অভিবাসী। মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছিল।
অভিবাসন বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট আইনে নির্ধারিত সাজা ভোগ সম্পন্ন করার পর আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়। এ ক্ষেত্রে বিমান টিকিটের খরচ বহন করেছেন আটক ব্যক্তি, তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস।
মালয়েশিয়ায় অবৈধভাবে পুনঃপ্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তিকে দেশটির অভিবাসন বিভাগের ব্যবস্থাপনায় কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে তাদের মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ কার্যকর থাকবে।
কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দেশটিতে অবৈধ অভিবাসীদের উপস্থিতি ও কার্যক্রম বন্ধে অভিযান, শনাক্তকরণ, আটক, বিচারিক প্রক্রিয়া এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
বিভাগটি আরও জানিয়েছে, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবৈধ অভিবাসীবিরোধী আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।
জ/উ