মালয়েশিয়ার ইপোহ এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭৫ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ইপোহ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় একটি দরজা তৈরির কারখানার কাছে ইমিগ্রেশন কর্মকর্তারা পৌঁছালে কয়েকজন শ্রমিক পালিয়ে বা লুকিয়ে থাকার চেষ্টা করেন। এ সময় কয়েকজন আহত হন। কর্মকর্তারা দেখতে পান, আটক এড়াতে কিছু বিদেশি উঁচু করে রাখা কাঠের তক্তার মাঝখানে শুয়ে ছিলেন। আবার কেউ শিল্পবর্জ্যের পাত্র ও আলমারির ভেতর লুকানোর চেষ্টা করেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে গিয়ে কয়েকজনের পোশাক ছিঁড়ে যায়।
এ ছাড়া অনেক শ্রমিক কারখানার সীমানাপ্রাচীর টপকে পালানোর চেষ্টা করেন। তবে প্রাচীরগুলো উঁচু হওয়ায় এবং সেখানে কাঁটাতার থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এক সংবাদ সম্মেলনে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে চেমোরের বারচাম ও কানথান এলাকায় অভিযান শুরু করা হয়। কাঠের কারখানা, গ্লাভস কারখানা এবং ফুড কোর্টকে কেন্দ্র করে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযানে মোট ৩০৫ জন শ্রমিককে পরিদর্শন করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ১৭৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিকও রয়েছেন।
জাকারিয়া শাবান বলেন, আটক ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে নথিপত্র না থাকা, বৈধ অনুমতিপত্র না থাকা এবং অনুমোদন ছাড়া চাকরিতে নিয়োজিত থাকার মতো প্রাথমিক অভিযোগ রয়েছে। এমন কয়েকজনকেও পাওয়া গেছে, যাদের কাছে অনুমতিপত্র ছিল, তবে সেটি তারা যে প্রতিষ্ঠানে কাজ করছিলেন সেই কোম্পানির জন্য প্রযোজ্য ছিল না।
এ ছাড়া অভিযানে কয়েকটি ক্ষেত্রে জাল অস্থায়ী কর্মসংস্থান ভ্রমণ পাস ব্যবহারের ঘটনাও শনাক্ত করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন মহাপরিচালক।
জ/উ