যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর অন্তর্গত চিকটোনাগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর সন্তান পারভেজ রহমান।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) দলীয় ভোটে ৪-২ ব্যবধানে তার নিয়োগ চূড়ান্ত হয়। সাবেক ডেমোক্র্যাট কাউন্সিল সদস্য স্টিফেন নোইকির পদত্যাগের পর আসনটি শূন্য হলে পারভেজ রহমানকে ওই পদে স্থলাভিষিক্ত করা হয়।
পারভেজ রহমান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি আতাউর রহমানের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনীতির পাশাপাশি পারভেজ রহমান প্রিন্সিপাল ফিন্যান্স বিজনেস পার্টনার হিসেবে কর্মরত আছেন। চলতি বছরের শেষ পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী নভেম্বর মাসে ওই আসনে স্থায়ী প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পারভেজ রহমানের এই নিয়োগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জ/উ