জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের জামাল হোসেন। সেখানে একটি ভ্যারাইটি সুপারশপ প্রতিষ্ঠা করে ব্যবসা করছিলেন তিনি। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে সেই দোকানেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জামাল হোসেন। এ ঘটনায় দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জামাল হোসেনের তিন সন্তান রয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে ৮ বছর বয়সী বড় সন্তান বায়েজিদ অঝোরে কাঁদছে। তবে ছোট দুই সন্তান সাড়ে ৩ বছর বয়সী সিনথিয়া ও ২ বছর বয়সী সামিরা এখনো বুঝতেই পারছে না তাদের বাবা আর বেঁচে নেই।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বড় সন্তান বায়েজিদ, তার মা মাজেদা বেগম এবং দাদা-দাদি কান্নায় ভেঙে পড়েছেন।
জামাল উদ্দিনের পরিবার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে বসবাস করে।
নিহত জামাল উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ। ছোট ছোট পোলাপান নিয়া এখন আমি কই যামু? বিদেশে বাবা মারা গেছে এইটা বড় সন্তান বুঝলেও ছোট দুই সন্তানের সেইটা বুঝারও বয়স হয় নাই। ছোট দুইবাচ্চা বুঝেই না ওর বাবার আর দুনিয়াতে বাইচা নাই।’
জামালের বাবা সিধু ব্যাপারী বলেন, ‘যার সন্তান যায় সেই বাবাই বুঝে সন্তান হারানোর ব্যাথা। ছোট ছোট বাচ্চাকাচ্চা রাইখা খাইয়া-পইরা বাইচা থাকার তাগিদে পোলা আমার বিদেশ গেছিল। অহন তো সবই শেষ হইয়া গেলো।’
কান্নায় ভেঙে পড়ে মা খুকুমণি বলেন, ‘আমি কিচ্ছুই চাই না। আমি খালি আমার সন্তানডা রে বুকে জড়াইয়া ধরতে চাই। সরকার যেনো আমার পোলার লাশটা অন্তত আমার বুকে ফিরাইয়া দেয়।’
স্থানীয় ইউপি সদস্য গোলাম নবী খোকন জানান, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত জামাল উদ্দিনের পরিবারটি খুবই শান্ত প্রকৃতির। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার দূতাবাসে যোগাযোগের চেষ্টা করছেন তিনি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছি। তাৎক্ষণিক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। সেখানে আমার পরিচিত একজন কর্মকর্তা আছেন। নিহত জামাল মিয়ার বৈধ কাগজপত্র পৌঁছালে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হলে সেটিও করা হবে।’
জ/উ