স্মার্টফোনে নিয়মিত ছবি ও ভিডিও ধারণের অভ্যাস থাকলে কয়েক বছরের মধ্যেই গ্যালারি ভরে যায় হাজার হাজার ফাইলে। এর মধ্যে কোনো পুরোনো ছবি হঠাৎ প্রয়োজন হলে সেটি খুঁজে বের করা বেশ ঝামেলার হয়ে দাঁড়ায়। বিশেষ করে ছবিটি কবে তোলা হয়েছিল, তা মনে না থাকলে দীর্ঘ সময় ধরে স্ক্রল করতে হয়।
তবে গুগল ফটোসের ম্যাপ ভিউ ফিচার ব্যবহার করে সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। ছবিটি কোন তারিখে তোলা হয়েছিল তা মনে না থাকলেও কোথায় তোলা হয়েছিল, সেটি মনে থাকলে লোকেশনের মাধ্যমে পুরোনো ছবি খুঁজে বের করা যায়।
জায়গার নাম জানলেই খুঁজে পাবেন ছবি
ধরা যাক, কয়েক বছর আগে দার্জিলিং ভ্রমণের সময় বেশ কিছু ছবি তুলেছিলেন। ছবিগুলোর তারিখ মনে না থাকলেও গুগল ফটোসের ম্যাপ ভিউতে দার্জিলিংয়ের অবস্থান নির্বাচন করলেই ওই এলাকার সঙ্গে যুক্ত ছবি ও ভিডিও দেখা যাবে।
অর্থাৎ, তারিখ বা ফাইলের নামের ওপর নির্ভর না করে ছবির অবস্থানের তথ্য ব্যবহার করেই পুরোনো ছবি খুঁজে বের করা সম্ভব।
কীভাবে ছবির অবস্থান জানা যায়
ছবি তোলার সময় ফোনের জিপিএস বা লোকেশন সুবিধা চালু থাকলে সেই তথ্য ছবির সঙ্গে সংরক্ষিত হতে পারে। পরবর্তীতে এই তথ্যের ভিত্তিতে গুগল ফটোস ছবিগুলোকে নির্দিষ্ট স্থানের সঙ্গে যুক্ত করে।
কিছু ক্ষেত্রে ছবি তোলার সময় লোকেশন বন্ধ থাকলেও লোকেশন হিস্টোরির মতো সংরক্ষিত অন্যান্য তথ্য ব্যবহার করে ছবির অবস্থান অনুমান করতে পারে গুগল ফটোস। তবে এ সুবিধা ব্যবহারকারীর ফোন, গুগল অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট লোকেশন সেটিংসের ওপর নির্ভর করে।
হিট ম্যাপে বোঝা যাবে কোথায় বেশি ছবি
ম্যাপ ভিউতে রয়েছে হিট ম্যাপ সুবিধাও। এর মাধ্যমে কোন এলাকায় তুলনামূলক বেশি বা কম ছবি তোলা হয়েছে, তা সহজেই বোঝা যায়।
বাড়ি, অফিস কিংবা নিয়মিত যাতায়াতের কোনো এলাকায় বেশি ছবি তোলা হলে ম্যাপে ওই জায়গার উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাবে। ফলে ব্যবহারকারী নিজের ছবি তোলার অভ্যাস ও অবস্থান সম্পর্কেও ধারণা পেতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন ম্যাপ ভিউ
গুগল ফটোসের হালনাগাদ সংস্করণে এই সুবিধা ব্যবহার করা যায়। যে এলাকার ছবি খুঁজতে চান, ম্যাপ ভিউতে সেই অবস্থান নির্বাচন করে ট্যাপ করলেই সংশ্লিষ্ট স্থানটির সঙ্গে যুক্ত ছবি ও ভিডিও দেখা যাবে।
কয়েক বছরের পুরোনো ছবিও খুঁজে পাওয়া সম্ভব
দীর্ঘদিন ধরে ছবি সংরক্ষণ করে রাখা ব্যবহারকারীদের জন্য ম্যাপ ভিউ বিশেষভাবে কাজে আসতে পারে। ভ্রমণের সময় তোলা ছবি খুঁজে বের করার ক্ষেত্রেও এটি সুবিধাজনক।
কারণ অনেক সময় ছবি তোলার নির্দিষ্ট তারিখ বা ফাইলের নাম মনে না থাকলেও কোথায় গিয়েছিলেন, সেটি মনে থাকে। তাই বছরের পর বছর ধরে গ্যালারিতে স্ক্রল করার বদলে লোকেশন তথ্য সংরক্ষিত থাকা সাপেক্ষে গুগল ফটোসের ম্যাপ ভিউ ব্যবহার করে পুরোনো ছবি তুলনামূলক দ্রুত খুঁজে বের করা সম্ভব।
জ/উ