কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের একটি বাস খাদে পড়ে ২৬ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কুমিল্লা-দাউদকান্দি মহাসড়ক হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, কক্সবাজারের উদ্দেশে যাওয়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের চারটি বাসের মধ্যে একটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসটির সঙ্গে অন্য কোনো যানবাহনের সংঘর্ষ হয়নি। চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, “ঠিক কী কারণে বাসটি খাদে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান জানান, আহত ২৬ শিক্ষার্থীর মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারও মাথায় গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতালে পাঠানো শিক্ষার্থীরা হলেন-ইমন মৃধা (২৩), আরিফ (২৩), শহিদুল ইসলাম (২৪), মালিয়া মেহুনাজ (২৫), মিরাজ (২৩), মোরসালিন ইসলাম (২২), সামিয়া (২২), তানহা (২৩) ও রাজর্ষি (২৩)।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অফিস সহকারী (শিক্ষার্থী প্রতিনিধি) মোহাম্মদ রনি জানান, সোমবার বিকেল ৪টার দিকে ৪৪ ব্যাচের ২৩৪ শিক্ষার্থী চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। পথে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।
তিনি বলেন, “সংবাদ পেয়ে কলেজের অধ্যক্ষ আহত শিক্ষার্থীদের দেখতে ঢামেক হাসপাতালে গিয়েছেন। তবে অধিকাংশ শিক্ষার্থীর গুরুতর কোনো আঘাত বা মাথায় ইনজুরি নেই বলে শুনেছি।”
জ/উ