ভেনিসে বিশ্ব প্রিমিয়ার হলো রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-08T18:58:10+06:00
2026-09-08T18:58:10+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ভেনিসে বিশ্ব প্রিমিয়ার হলো রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার করেছে। নির্মাতা দলের দাবি অনুযায়ী, উৎসবটির মর্যাদাপূর্ণ আসরে অংশ নেওয়া এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের ওরিজ্জেন্টি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।

গত শনিবার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভেনিসের পালাত্সো দেল চিনেমার প্রধান ভেন্যু সালা কাজিনোতে ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। একই দিনে আরও একটি প্রদর্শনী ছিল। পরদিন রবিবার দুপুর ২টা ১৫ মিনিটে সালা দারসেনা প্রেক্ষাগৃহে হয় দ্বিতীয় দিনের প্রদর্শনী। সোমবার আস্ত্রা-২-এ বিকেল ৪টা ৩০ মিনিট এবং আস্ত্রা-১-এ বিকেল ৫টায় আরও দুটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। ২ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ভাবনা নিয়ে প্রায় দুই দশক ধরে কাজ করেছেন রুবাইয়াত হোসেন। শৈশবে একটি বিউটি পারলারে শোনা গল্প ও সে সময়ের বিভিন্ন স্মৃতি থেকেই চলচ্চিত্রটির ধারণার সূত্রপাত। ঢাকার একটি বিউটি পারলার, একটি বিয়ে এবং শৈশবের একটি ভয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবিটির গল্প।

চলচ্চিত্রটির ভাবনা প্রসঙ্গে রুবাইয়াত হোসেন বলেন, ছবিটির মাধ্যমে সৌন্দর্য সম্পর্কে প্রচলিত ধারণাকে প্রশ্ন করা হয়েছে। সৌন্দর্যচর্চার আড়ালে লুকিয়ে থাকা নানা যন্ত্রণাও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে সমাজ কীভাবে বিউটি পারলারের মতো একটি প্রতিষ্ঠানকে ব্যবহার করে একটি মেয়েকে কৃত্রিম সৌন্দর্যের ছাঁচে ‘নারী’ হিসেবে তৈরি করে, সেটিও অনুসন্ধান করা হয়েছে।

শৈশবে বিয়ের অনুষ্ঠানে কাঁদতে থাকা কনেদের দেখে রুবাইয়াতের মনে যে ভয় তৈরি হয়েছিল, সেটিও চলচ্চিত্রটির গল্পে গুরুত্বপূর্ণ একটি স্তর হিসেবে উঠে এসেছে। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর অন্যতম বৈশিষ্ট্য এর নারীনির্ভর নির্মাণদল। ব্যাকগ্রাউন্ড স্কোরের সুরকার ছাড়া প্রায় সব বিভাগের নেতৃত্বেই রয়েছেন নারীরা।

চিত্রগ্রহণ করেছেন বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ারজয়ী পর্তুগিজ নির্মাতা লিওনর তেলেস। প্রধান আলোকপ্রযুক্তিবিদ হিসেবে ছিলেন ফ্রেডেরিকা আর গোমেস। ফ্রান্সের রাফায়েল মার্টিন-হলগার সম্পাদনা এবং ভারতের জোনাকি ভট্টাচার্য প্রোডাকশন ডিজাইনের দায়িত্ব পালন করেছেন।

নারীপ্রধান নির্মাণদল প্রসঙ্গে রুবাইয়াত বলেন, এই চলচ্চিত্র নারীরা ভালো সিনেমা তৈরি করতে পারেন না-এমন ধারণাকে ভুল প্রমাণ করেছে। সাউন্ড মিক্সিং, সাউন্ড ডিজাইনসহ বিভিন্ন কারিগরি বিভাগেও নারীদের দক্ষতা ও কর্মগতির প্রশংসা করেন তিনি।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। অভিনয়ে এটি তার অভিষেক হলেও ছবিটির সহকারী পরিচালক হিসেবে প্রায় দেড় বছর কাজ করেছিলেন তিনি। পরে অডিশনের মাধ্যমে প্রধান চরিত্রের জন্য নির্বাচিত হন জাইনীন। তার অভিনয়ের প্রশংসা করেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন।

ছবিতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। সুনেরাহর চরিত্রে কোনো সংলাপ নেই। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান। রিকিতা নন্দিনী শিমুর জন্য ভেনিস চলচ্চিত্র উৎসবে এটি দ্বিতীয় উপস্থিতি। এর আগে ‘ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা’ চলচ্চিত্র নিয়ে তিনি এই উৎসবে অংশ নিয়েছিলেন।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির সঙ্গে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান খোনা টকিজের আন্তর্জাতিক সহ-প্রযোজনায় নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির অধিকাংশ অভিনয়শিল্পী ও কলাকুশলী ইতোমধ্যে ভেনিসে উপস্থিত হয়েছেন।

রুবাইয়াত হোসেন জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলচ্চিত্রটির আরও আন্তর্জাতিক প্রিমিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি দর্শকরা আগামী বছর দেশের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি দেখার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]