নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১২টার দিকে পূর্বধলা থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন- থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, পিপিএম।
সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদক থেকে দূরে থেকে পড়াশোনা, নৈতিক শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনায় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক প্রভাব, শিক্ষাজীবনে মনোযোগ, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষা ও নৈতিক আদর্শকে ধারণ করে এগিয়ে গেলে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব। পাশাপাশি কোনো ধরনের অপরাধ, মাদক বা অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তারা। সচেতনতামূলক এ সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান খান। ও অন্যান্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি সুন্দর, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জ/বা