ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন আরিনা সাবালেঙ্কা। শেষ ষোলোর ম্যাচে টেলর টাউনসেন্ডকে সরাসরি দুই সেটে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন বেলারুশের এই তারকা।
স্কোরলাইন দেখে ম্যাচটি সহজ মনে হলেও লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ৭৫ মিনিটের ম্যাচে দুই খেলোয়াড় মিলে করেছেন ১০টি সার্ভিস ব্রেক। দ্বিতীয় সেটে একপর্যায়ে ৩-১ গেমে পিছিয়ে পড়েছিলেন সাবালেঙ্কা। সেখান থেকে টানা পাঁচ গেম জিতে ম্যাচ নিজের করে নেন তিনি।
ইউএস ওপেনে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার শিরোপা জিতেছেন সাবালেঙ্কা। এবারও দুর্দান্ত ছন্দে থাকা এই তারকার নিউইয়র্কে টানা অপরাজিত ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। ফলে টানা তৃতীয় শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই রয়েছেন তিনি।
টাউনসেন্ডকে হারানোর ম্যাচে ২৮ বছর বয়সী সাবালেঙ্কা গড়েছেন নতুন কীর্তিও। ২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনে টানা ছয় আসরে সিঙ্গেলসের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন তিনি।
এবার লক্ষ্য শুধু কোয়ার্টার-ফাইনালে ওঠা নয়, শিরোপার হ্যাটট্রিক করা। নিউইয়র্কে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হতে পারলে সেরেনা উইলিয়ামসের পাশে নাম লেখাবেন সাবালেঙ্কা। সেরেনার পর ইউএস ওপেনে নারী এককে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি আর কারও নেই। সেই রেকর্ড ছুঁতে সাবালেঙ্কার প্রয়োজন আর মাত্র তিনটি জয়।
তবে শেষ আটে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাকে। কোয়ার্টার-ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ উইম্বলডন চ্যাম্পিয়ন লিন্ডা নোসকোভা। শেষ ষোলোর ম্যাচে ইউক্রেনের মার্তা কোস্তিউককে ৭-৫, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি।
জ/উ