শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। এসব নৌকা বাইচ দেখতে ভীড় করে শতশত সাধারন মানুষ। গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে এমবিআর চ্যানেলে এবং কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদীতে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ।
বিকেলে সাতপাড়ের এমবিআর চ্যানেলে অনুষ্ঠিত বাইচে ২০টি ও কোটালিপাড়ার ঘাঘর নদীতে অনুষ্ঠিত বাইচে ১৫ টি সরেঙ্গা, ছিপ, কোষা,বাচারী নৌকা অংশ নেয়। গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, খুলনা, নড়াইল জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা নৌকা অনুষ্ঠিত বাইচে অংশ নেয়। নৌকা বাইচ চলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। অংশ নেয়া নৌকাগুলির বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখোরতি হয়ে ওঠে পুরো এলাকা।
নৌকা বাইচ দেখতে বিকেল থেকে নদীর দুুই পাড়ে জড়ো হতে থাকে শত শত মানুষ । গোপালগঞ্জ জেলা ছাড়াও প্রতিবেশী মাদারীপুর বাগেরহাট, বরিশাল, খুলনা, পিরোজপুর, নড়াইল জেলা থেকে অসংখ্য দর্শক নৌকা বাইচ উপভোগ করেন।