৮৫৯ রানের ম্যাচে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

হ্যারি ব্রুকের রেকর্ডগড়া ২০২ রানের ইনিংসও শেষ পর্যন্ত ইংল্যান্ডকে জেতাতে পারেনি। বিশাল লক্ষ্য তাড়া করে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড গড়ে ২ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। রোমাঞ্চকর এই হারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বিদায়ের শঙ্কায় পড়েছে ইংল্যান্ড, আর পাকিস্তানের ভাগ্যও এখন সমীকরণের ওপর নির্ভর করছে।

2026-10-23T08:41:55+06:00
2026-10-23T08:41:55+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
৮৫৯ রানের ম্যাচে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
স্পোর্টস ডেস্ক
⏲ ৮:৪১ এএম | ২৩ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
হ্যারি ব্রুকের রেকর্ডগড়া ২০২ রানের ইনিংসও শেষ পর্যন্ত ইংল্যান্ডকে জেতাতে পারেনি। বিশাল লক্ষ্য তাড়া করে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড গড়ে ২ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। রোমাঞ্চকর এই হারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বিদায়ের শঙ্কায় পড়েছে ইংল্যান্ড, আর পাকিস্তানের ভাগ্যও এখন সমীকরণের ওপর নির্ভর করছে।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান। পঞ্চম বলে জশ টংকে লং-অফের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে জানিথ লিয়ানাগে দলকে ঐতিহাসিক জয় এনে দেন। এক বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ের জন্য সহায়ক উইকেটে ইংল্যান্ডের ৪ উইকেটে করা ৪২৯ রান টপকে ২ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পবন রথনায়েকে। চার নম্বরে ব্যাট করতে নেমে ১৫টি চার ও তিনটি ছক্কায় ১০৬ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার ঘটনা। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রানের লক্ষ্য তাড়া করে জিতে তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচটিতে দুই দল মিলে রান করেছে ৮৫৯। ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এ ক্ষেত্রেও শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেই ম্যাচ, যেখানে দুই দল মিলে করেছিল ৮৭২ রান।

এর আগে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর ২০২ রানের ইনিংসটি ওয়ানডে ক্রিকেটে কোনো ইংলিশ ব্যাটারের প্রথম দ্বিশতক। মাত্র ১১৪ বলে এই মাইলফলক স্পর্শ করে ওয়ানডেতে দ্রুততম দ্বিশতকের বিশ্বরেকর্ডও গড়েন তিনি।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুভমান গিলের ১১৭ বলে করা দ্বিশতকের রেকর্ড ভেঙে দেন ব্রুক, যেখানে তিনি তিন বল কম খেলেই নতুন রেকর্ড গড়েন।

ইনিংসের শুরুতে ২৪ বলে মাত্র ১৩ রান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৭৫ বলে শতক পূর্ণ করেন তিনি। ইনিংসের শেষ ওভারে গিয়ে দ্বিশতক পূর্ণ করেন ব্রুক। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেটে ৪২৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।

ওয়ানডেতে এটি ইংল্যান্ডের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একই সঙ্গে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে বিদেশের মাটিতে এটিই তাদের সর্বোচ্চ দলীয় রান।

তবে দুইবারের বিশ্বকাপজয়ী তারকা আদিল রশিদের অনুপস্থিতিতে ইংল্যান্ডের অনভিজ্ঞ বোলিং আক্রমণ শ্রীলঙ্কার ব্যাটারদের সামনে কার্যকর প্রতিরোধ গড়তে পারেনি। শুরুতে ২৪ রানে ২ উইকেট হারিয়েও ম্যাচ থেকে ছিটকে যায়নি শ্রীলঙ্কা।

পবন রথনায়েকের ১৩০ রানের ইনিংসের পাশাপাশি অবিষ্কা ফার্নান্দো ও দাসুন শানাকা করেন ৯৭ রান করে। তাঁদের দৃঢ় ব্যাটিংয়ে বড় লক্ষ্য তাড়া করার ভিত পায় দলটি। প্রায় পুরো ইনিংসজুড়েই রান তোলার গতি দুই অঙ্কে থাকলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় শ্রীলঙ্কাকে।

জ/শা


  বিষয়:   ক্রিকেট  শ্রীলঙ্কা  ইংল্যান্ড 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত