ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এমন অনেক রেকর্ড রয়েছে, যেগুলো ভাঙতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। এবার টেস্ট ক্রিকেটে তেমনই এক বিরল কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। টেস্টে ৪৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে নতুন ইতিহাস গড়ার পাশাপাশি ভেঙেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার একটি রেকর্ড।
টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টার্ক। দক্ষিণ আফ্রিকার গেবেখায় টেস্টের তৃতীয় দিনে এই মাইলফলক স্পর্শ করেন ৩৬ বছর বয়সী এই পেসার। দিনের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারকে আউট করে ক্যারিয়ারের ৪৫০তম টেস্ট উইকেটটি তুলে নেন তিনি।
স্টার্কের আগে বাঁহাতি বোলারদের মধ্যে কেউই টেস্টে ৪৫০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে পারেননি। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম টেস্টে ৪১৪টি এবং শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ ৪৩৩টি উইকেট নিয়েছেন।
শুধু বাঁহাতি বোলার হিসেবে নতুন ইতিহাস গড়াই নয়, বলের হিসাবেও টেস্টে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন স্টার্ক। এই মাইলফলকে পৌঁছাতে তাঁর লেগেছে ২০ হাজার ৫৭৭ বল।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার প্রয়োজন হয়েছিল ২৩ হাজার ৪৭৪ বল। অর্থাৎ ম্যাকগ্রার চেয়ে ২ হাজার ৮৯৭ বল কম করেই ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন স্টার্ক।
অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসেও ৪৫০ উইকেট নেওয়া বোলারের সংখ্যা খুব বেশি নয়। এর আগে এই কীর্তি গড়েছিলেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়ন।
এবার তাঁদের সঙ্গে যোগ হলো মিচেল স্টার্কের নাম। অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন তিনি।
জ/শা