আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। প্রাথমিকভাবে দুই বছরের নতুন চুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সুযোগও রাখা হতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকতে পারেন বিশ্বকাপজয়ী এই কোচ।
আর্জেন্টিনার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। আগামী নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির সময় এ বিষয়ে সমঝোতা চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
ওই আন্তর্জাতিক বিরতিতে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ে এবং কোর্দোবায় কোস্টারিকার বিপক্ষে খেলার কথা রয়েছে আর্জেন্টিনার।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তির প্রাথমিক মেয়াদ হতে পারে দুই বছর। এরপর ২০২৮ সালের কোপা আমেরিকার পর চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সুযোগ থাকবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩০ বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন স্কালোনি।
তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলি বিদায় নিলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব পান স্কালোনি। তাঁর অধীনেই আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছায় আলবিসেলেস্তেরা।
স্কালোনির কোচিংয়ে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা জেতে আর্জেন্টিনা। একই বছর কাতার বিশ্বকাপের শিরোপাও ঘরে তোলে দলটি। ধারাবাহিক এসব সাফল্যই কোচের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে স্কালোনির চুক্তি নবায়নের আলোচনা এগোলেও তাঁর কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার স্যামুয়েলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তাঁকে দায়িত্ব চালিয়ে যেতে রাজি করানোর চেষ্টা চলছে।
স্যামুয়েলকে নিজের বন্ধু ও গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করেছেন স্কালোনি। তাঁর ভাষ্য, স্যামুয়েলের সিদ্ধান্তকে সম্মান জানানো হবে। তবে তিনি দায়িত্ব ছেড়ে দিলে তা দলের জন্য বড় ক্ষতি হবে।
জ/শা