প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলমান থাকলেও এখনো সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
আজ শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
এ সময় মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। জাতীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের যেখানে যাওয়া প্রয়োজন, সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হবে বলেও জানান তিনি।
জ/উ