জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নানা বাধা-বিপত্তি এলেও ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ গন্তব্যে পৌঁছাবেই। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগের উদ্দেশে লং মার্চের যাত্রা শুরু হয়েছে। নতুন করে যারা স্বৈরাচার হওয়ার পথে এগোচ্ছে, তাদের সেই পথ বন্ধ করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এই লং মার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর পাঁয়তারা যারা করছে, তাদের বিরুদ্ধেও এ কর্মসূচি। পাশাপাশি ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, লং মার্চ তাদের বিরুদ্ধেও-বলেন নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক জনগণের প্রতি লং মার্চে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি শুধু ১১টি দলের কর্মসূচি নয়; বরং বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।
নাহিদ ইসলাম আরও বলেন, তারা শান্তিপূর্ণভাবেই লং মার্চ পালন করবেন। তবে সরকার যদি এতে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে লং মার্চের ছয় দফা এক দফায় পরিণত হবে।
জ/উ