জনগণের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন, দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ কোনো চাঁদাবাজকে বরদাস্ত করবে না। চাঁদাবাজির কারণে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি গ্রেপ্তার সিফাতের গালাগালিকে তিনি সমর্থন করেন না উল্লেখ করে তিনি বলেন, যে কারণে সিফাত প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে, সেই সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় দেশের ১৮ কোটি মানুষই সিফাত হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে দেশের মানুষ কোনো ছাড় দেবে না। লংমার্চে কোনো ধরনের বাধা এলে তা উপেক্ষা করেই কর্মসূচি এগিয়ে নেওয়া হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন। রাজপথের পাশাপাশি সংসদেও জনগণের অধিকার আদায়ে সমানভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা শুরু করে।
জ/উ