রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর জাপানের কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা শহরে সর্বোচ্চ মাত্রার ভূমিধস সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) জারি করা সতর্কবার্তায় জেএমএ জানিয়েছে, ভূমিধসের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে ইতোমধ্যে দুর্যোগ ঘটে যাওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি। সংস্থাটি চলমান বৃষ্টিপাতকে ‘নজিরবিহীন’ হিসেবে উল্লেখ করেছে।
জেএমএর সতর্কতায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবন তাৎক্ষণিকভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। ঝড় ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাসিন্দাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ নির্ধারিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বাসিন্দাদের নির্দেশ দিয়েছে। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথ যদি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, সে ক্ষেত্রে খাড়া পাহাড় বা ঢাল এবং নদী-খালের কাছাকাছি এলাকা এড়িয়ে শক্ত ও নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জেএমএ আরও জানিয়েছে, বিশেষ সতর্কবার্তা জারি হওয়ার অপেক্ষায় থাকলে অনেক ক্ষেত্রে নিরাপদ স্থানে সরে যাওয়ার পর্যাপ্ত সময় নাও পাওয়া যেতে পারে। তাই কোনো ধরনের অপেক্ষা না করে নিজেদের ও স্বজনদের জীবন রক্ষায় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
জ/উ