অধিকৃত পশ্চিম তীরে ইহুদি উগ্রপন্থীদের হামলা ও ঘৃণাজনিত অপরাধ যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তির গুরুতর ক্ষতি করছে বলে সতর্ক করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। হাকাবি বলেন, ইসরায়েলের এখন যত বেশি সম্ভব বন্ধুর প্রয়োজন; নতুন করে শত্রু তৈরির প্রয়োজন নেই। পশ্চিম তীরে উগ্রপন্থীদের সহিংসতার প্রভাব শুধু সাধারণ মার্কিন জনগণের মধ্যেই নয়, রিপাবলিকানদের মধ্যেও ইসরায়েল নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন। তরুণ আমেরিকানরা ইসরায়েল সম্পর্কে কী শুনছে, তা নিয়েও উদ্বেগ জানান তিনি।
সম্প্রতি পশ্চিম তীরের বাজরিয়া গ্রামের একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনার পর হাকাবিকে লক্ষ্য করে দেয়ালে আপত্তিকর গ্রাফিতি লেখা হয়। এর আগে কুসরা গ্রামে ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো ইহুদি দাঙ্গাকারীদের ‘ইসরায়েলি সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি। এরপর বাজরিয়ার মসজিদে লেখা হয়, ‘হাকাবি, সন্ত্রাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা।’
হাকাবি বলেন, গ্রাফিতির ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে বিচলিত নন। তবে পশ্চিম তীরে সহিংসতা ও ঘৃণাজনিত অপরাধের ধারাবাহিকতা ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তিতে বড় প্রভাব ফেলছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
সাক্ষাৎকারে ইরান প্রসঙ্গেও কথা বলেন হাকাবি। তার দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে ইরান সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য ইরানের হুমকি দীর্ঘদিনের এবং তা উপেক্ষার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তথ্যসূত্র: আল-জাজিরা
জ/উ