জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-09-03T18:12:01+06:00
2026-09-03T18:12:01+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বিদেশে অর্থ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম 
হাইটেক পার্কে অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বাবদ বিদেশে অর্থ পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত নিয়ম ও সীমার মধ্যে এসব খাতে অর্থ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) আগাম অনুমতির প্রয়োজন হবে না।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে হাইটেক পার্কের নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের স্থানীয় টাকার হিসাব থেকে প্রদেয় অর্থ বিদেশে পাঠানোর এখতিয়ার দেওয়া হয়েছে।

বিদ্যমান নীতিমালা অনুযায়ী, নতুন প্রকল্পের ক্ষেত্রে রয়্যালটি, কারিগরি জ্ঞান ও সহায়তা ফি বাবদ বিদেশে পাঠানো অর্থের পরিমাণ আমদানি করা মোট যন্ত্রপাতির খরচের সর্বোচ্চ ৬ শতাংশ হতে পারবে।

অন্যদিকে, চালু বা চলমান শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের ব্যয়ের সর্বোচ্চ সীমা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়কর রিটার্নে প্রদর্শিত আগের বছরের মোট বিক্রয় আয়ের ৬ শতাংশ।

তবে অর্থ বিদেশে পাঠানোর আগে এডি ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব কোনো বৈদেশিক মুদ্রা আয়ের উৎস নেই। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে সব ধরনের আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যথাযথভাবে কর্তন করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে কি না, তাও নিশ্চিত করতে হবে।

নির্ধারিত ৬ শতাংশ সীমার বেশি অর্থ রয়্যালটি, কারিগরি জ্ঞান বা সহায়তা ফি বাবদ বিদেশে পাঠাতে হলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সুনির্দিষ্ট অনুমোদন নিতে হবে।

এ ছাড়া একই ধরনের অন্য কোনো বৈধ ও স্বীকৃত খাতে অর্থ পাঠানোর ক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, বিএইচটিপিএর আগাম অনুমোদন নেওয়া বাধ্যতামূলক থাকবে।

প্রজ্ঞাপনে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং পুঙ্খানুপুঙ্খ যাচাই কার্যক্রম পরিচালনার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি নীতিমালা শতভাগ পরিপালন এবং অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত (এএমএল/সিএফটি) বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য এবং নিয়মিত রিপোর্ট বা প্রতিবেদন জমা দেওয়ার প্রচলিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]