দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য মির্জা আব্বাস। অধিবেশনে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পান তিনি। বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন এই সংসদ সদস্য।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর কিছুক্ষণ পর বক্তব্য দেন মির্জা আব্বাস।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘একজন সংসদ সদস্য হিসেবে এর চেয়ে আনন্দের, গর্বের আর কী হতে পারে? নেহাতই আবেগ-ভালোবাসার কারণে আমাকে সংসদে আসতে হয়েছে। আমার চিকিৎসা শেষ হয়নি। আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর আজ মহান জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেয়েছি।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বর্তমান সংসদ যাত্রা শুরু করার পরপরই গত ১১ মার্চ স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ি। দীর্ঘ সময় চিকিৎসার জন্য আমাকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় থাকতে হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সংসদের অধিবেশনে উপস্থিত হতে পারিনি।’
তিনি বলেন, ‘আমার চিকিৎসা এখনো শেষ হয়নি। চিকিৎসার মাঝপথে প্রথমবারের মতো আমি সংসদ অধিবেশনে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।’
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘একই সঙ্গে এই কঠিন সময়ে যারা আমার জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং পাশে থেকেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
জ/উ