কাঁচা পাটের ওপর আরোপিত শূন্য দশমিক ৫ শতাংশ উৎসে কর (টিডিএস) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের করপোরেট কর পরিশোধের সময়সীমা যৌক্তিকভাবে বাড়ানো, উৎপাদন ও রপ্তানি ব্যয় কমাতে কর সুবিধা এবং শিল্পের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব দাবি ও প্রস্তাব তুলে ধরেন সংগঠনের নেতারা।
বৈঠকে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় পাটশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা কমছে। বিশেষ করে কাঁচা পাটের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ উৎসে কর আরোপের কারণে জুট স্পিনিং মিলগুলোর নগদ অর্থপ্রবাহে বাড়তি চাপ তৈরি হচ্ছে।
জুট স্পিনিং মিলের প্রধান কাঁচামাল কাঁচা পাট। দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা হাটবাজারে পাট বিক্রি করেন এবং সেখান থেকেই মিলগুলো কাঁচামাল সংগ্রহ করে। ফলে পাট কেনার সময় উৎসে কর আরোপের সরাসরি প্রভাব পড়ে মিলগুলোর নগদ অর্থপ্রবাহে।
সংগঠনটির দাবি, বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে এ ধরনের উৎসে কর নেই। বিশেষ করে টেক্সটাইল খাতে আমদানিনির্ভর কাঁচা তুলা ব্যবহৃত হলেও সেখানে উৎসে করের চাপ তুলনামূলক কম। অন্যদিকে দেশীয় কৃষিপণ্য কাঁচা পাটের ওপর উৎসে কর থাকায় পাটশিল্প বৈষম্যের মুখে পড়ছে।
বৈঠকে জানানো হয়, বর্তমানে কাঁচা পাটের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ উৎসে কর রয়েছে। পাটশিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত কাঁচা পাটের ক্ষেত্রে এ কর সম্পূর্ণ প্রত্যাহার অথবা শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে পাটজাত পণ্য উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে করপোরেট কর পরিশোধের সময়সীমা বাড়ানোরও দাবি জানানো হয়।
জ/উ