গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও সুস্থ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আজ সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে তিনি সভায় অংশ নেন।
মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিস্তারের সঙ্গে অপরাধও বাড়ছে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতেও পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের সময়ে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে। এর নেতিবাচক প্রভাব এখনো সমাজের বিভিন্ন স্তরে রয়েছে।’
সরকারি কর্মকর্তাদের জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাকে মূল দায়িত্ব হিসেবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘‘বাংলাদেশ ফার্স্ট’’ দর্শন ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।’
পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন সুলতান সালাউদ্দিন টুকু। নদী দূষণ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সমান গুরুত্ব দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জ/উ