প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান।
আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ অংশীদারত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।
সাক্ষাতে মালয়েশিয়ার হাইকমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে আশা প্রকাশ করেন, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আগামী দিনে আরও সুদৃঢ় হবে।
জ/উ