দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন, যা চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন তিনজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৩২ হাজার ১৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৪৫৯ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশালে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, ময়মনসিংহে ৮১ জন এবং রাজশাহীতে ৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুর সংক্রমণ বাড়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যাও ক্রমাগত বাড়ছে।
জ/শা