বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।
গতকাল শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে আসছেন। এই সম্পর্ক আরও শক্তিশালী ও ধারাবাহিক রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, দুই দেশের পারস্পরিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহুদা ওথম্যানও দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) অ্যাডমিনিস্ট্রেটর মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।
জ/উ