সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম-সংক্রান্ত পরিস্থিতির নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু ঢাকা বিভাগেই তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও দুই শিশুর প্রাণহানি হয়েছে।
এ সময়ে নতুন করে আরও ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৮৫৬ জন এবং হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৯ জন।
জ/উ