দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার (৩০ আগস্ট) থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ব্যবসায়ী সংগঠন।
গতকাল শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডলের স্বাক্ষর করা এক চিঠিতে বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানানো হয়।
হিলি বন্দরের শুল্ক কর্মকর্তা পারভেজ আহমেদ বলেন, ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে এ ধরনের একটি চিঠি তারা পেয়েছেন।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন জানান, শনিবার রাতে ভারতের ‘হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন’ চিঠির মাধ্যমে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংগঠনটির মতে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ভারতের হিলি স্থলবন্দর কিছুটা পিছিয়ে পড়েছে।
তিনি বলেন, এ পরিস্থিতিতে ভারতীয় হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন। সেখানকার জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত রোববার থেকে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি এবং বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গতকাল শনিবার রাতে ফোনালাপে হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ মণ্ডলও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বন্দর ব্যবহারকারীরা যৌথ বৈঠকের মাধ্যমে সিদ্ধান্তটি নিয়েছেন। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকায় হিলি তাদের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বলে দাবি করেন তিনি।
বিকাশ মণ্ডলের ভাষ্য, হিলি স্থলবন্দরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীরা বিভিন্নভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন। ব্যবসায়িক স্বার্থ বজায় না থাকলে রোববার থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি ও বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত অনির্দিষ্টকাল কার্যকর থাকবে।
তবে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া বলেন, বৈধ পাসপোর্ট ও ভিসা থাকলে যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করতে পারবেন। প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়।
জ/উ