ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের রবির বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে শমীম আহাম্মেদ মোরশেদ (৩৭) এবং একই এলাকার ফারুক মিয়ার ছেলে মোহাম্মদ শামীম।
পুলিশ জানায়, বাঙ্গরা থানার শালপা সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান পাচারের গোপন তথ্য পেয়ে রবির বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়দের সহযোগিতায় বাঞ্ছারামপুর মডেল থানার এসআই কুদ্দুস ও এএসআই মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল গাড়িটির গতিরোধ করে।
পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন মিয়া বলেন, মাদকের একটি বড় চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জ/শা