রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মিতু আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জ থেকে মিতুকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি মিতু আক্তার। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়।
থানা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে কৌশলে গেটের তালা খুলে পালিয়ে যান মিতু। নারী আসামিদের সাধারণত হ্যান্ডকাফ পরানো হয় না। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি থানা থেকে বেরিয়ে যান।
ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে ওই সময়ে থানায় দায়িত্ব পালন করা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
জ/উ