জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজু আরাফাত।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। এতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচনে সহ-সভাপতি পদে তাসনোভা হোসেন, যুগ্ম সম্পাদক পদে জোবায়ের আহমেদ, সরকার সাখাওয়াত হোসেন ও আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ রানা, দপ্তর সম্পাদক পদে আবরার জাহিন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আমিরুল ইসলাম এবং আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে চপল রহমান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মো. আরমান আলী, আশিকুর রহমান, কাওছার খান, আশিকুজ্জামান আশিক, সাইফুল ইসলাম, এমএম মুজাহিদ উদ্দিন, আবু ছালেহ আতিফ, সৈকত সাহা, ইব্রাহীম খলিল ও মোশফিকুর রহমান ইমন নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক রাজু আরাফাত বলেন, ‘সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিভাগের সব সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই পদ আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করা এবং বিভাগের উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।’
সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে বিভাগের সব সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিভাগের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদদীনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।