প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কানাডার সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও কানাডার হাইকমিশনার পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তারা বাংলাদেশ ও কানাডার মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন।
আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে কানাডার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এ সময় সামরিক প্রযুক্তি আদান-প্রদান, কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
পাশাপাশি বাংলাদেশ ও কানাডার বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, দ্বিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সুসংহত হবে।
জ/উ