অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য পেল টাইগাররা।
বাংলাদেশ দল জয় নিশ্চিত করার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে তিনি ভিডিও কলে দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাঠে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।
তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। পাশাপাশি পরের টেস্টেও ভালো পারফরম্যান্সের মাধ্যমে সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে পরিণত করার আশা প্রকাশ করেন।
এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা।
জ/উ