১৫ আগস্টকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা ঠেকাতে ৯ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুরো নগরীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট বসানো হয়েছে। মহানগরের প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন।
গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।
এ ছাড়া সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ করবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে।
জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি)। স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করবেন।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।