রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। এদিন দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের পর রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করার কথা রয়েছে বিএনপির।
বিএনপি সূত্র জানিয়েছে, বিতর্ক এড়াতে সচিবালয়ের বৈঠকটিকে স্থায়ী কমিটির সভা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তবে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত চূড়ান্ত। দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি আগেই সর্বসম্মতভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যানকে দিয়েছে।
মনোনীত প্রার্থীর পক্ষে দলীয় প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের প্রয়োজন হওয়ায় মূলত এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণ পাওয়া এক নেতা জানান, আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দলের চেয়ারম্যান বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেবেন।
জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাবক এবং আরেকজন সমর্থক হবেন।
এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত দলীয়ভাবে তার নাম নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে।
জ/উ